৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান

২৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের মতো করে বিশ্লেষণ করতে পারলেও কোনো ধরনের মতামত দেওয়ার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ সরকার সম্পূর্ণ স্বাধীনভাবে এবং কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বা আঞ্চলিক আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলো চাইলে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে, এটি তাদের নিজস্ব বিষয়। তবে তারা এ নিয়ে কোনো মতামত বা দিকনির্দেশনা দিতে পারে না। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রক্রিয়া।

নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ যদি ভোটের পরিবেশ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে সরকার তা শক্ত হাতে প্রতিহত করবে। এ বিষয়ে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি তৈরি করা।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনকে ঘিরে বড় ধরনের আইনশৃঙ্খলা অবনতির কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে কিছু রাজনৈতিক দলের আচরণে সীমালঙ্ঘনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না বলেও তিনি সতর্ক করেন।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬