২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে অনুমোদনহীন ড্রিংক উৎপাদন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

১৯ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে অনুমোদনহীন ও ভেজাল ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে এই অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।


অভিযানের বিস্তারিত

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে ‘আশরাফ ফুড’ নামক একটি প্রতিষ্ঠান কোনো প্রকার ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল।

তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ভেজাল পণ্য বাজারজাত করতে একাধিক লোগো ব্যবহার করছে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত ভেজাল পণ্যগুলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রশাসনের বক্তব্য

লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ