কুয়েতের একটি সরকারি ভবন এবং দুটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলায় তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে সরকারের সামাজিক নিরাপত্তা বিভাগের ২২ তলা সদরদপ্তর ভবনে ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও আগুন ধরে যায়। হামলার পর ভবনটি থেকে সকল নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
সরকারি ভবনের পাশাপাশি বিমানবন্দরের নিকটবর্তী দুটি তেলের ডিপোতেও ড্রোন হামলা হয়েছে। এর ফলে সৃষ্টি হওয়া আগুন বিমানবন্দরের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে। কুয়েতের ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সাথে সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েলের অপারেশন রোয়ারিং লায়ন সামরিক অভিযান শুরু হয়। এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।



