২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল কেন্দ্রসচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল কেন্দ্রসচিবকে নির্ধারিত সময়সূচি মেনে প্রবেশপত্র সংগ্রহের বিশেষ নির্দেশনা দিয়েছে।
প্রবেশপত্র বিতরণের সময়সূচি বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক দুই দিনে এই প্রবেশপত্র বিতরণ করা হবে:
- ৫ এপ্রিল: ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল।
- ৬ এপ্রিল: নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ।
কেন্দ্রসচিবরা এই প্রবেশপত্রগুলো সংগ্রহ করে আগামী ৭ এপ্রিল নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতরণ করবেন।
ভুল সংশোধনে বিশেষ সতর্কতা প্রবেশপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থীর নাম, বাবা-মায়ের নাম, রোল বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা নিতে হবে। বোর্ড জানিয়েছে, কোনো ভুল ধরা পড়লে আগামী ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদন জমা দিতে হবে।
বোর্ডের কড়া হুঁশিয়ারি শিক্ষা বোর্ড সতর্ক করে দিয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করার ফলে যদি পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী জটিলতায় পড়ে, তবে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাই সম্পূর্ণ দায়ী থাকবেন। এছাড়া কেন্দ্রসচিব নিজে অথবা তাঁর অনুমোদিত শিক্ষক ব্যতীত অন্য কোনো প্রতিনিধিকে কোনো অবস্থাতেই প্রবেশপত্র প্রদান করা হবে না।



