বিশ্বজুড়ে বক্স অফিস ও নেট দুনিয়ায় এখন কেবলই স্পাইডারম্যানের জয়জয়কার। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিনোদন দুনিয়ার আগের সব রেকর্ড তছনছ করে দিয়ে তৈরি করল নতুন এক ইতিহাস। মাত্র চার দিনেই ট্রেলারটি স্পর্শ করেছে ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক।
ভাঙলো যেসব রেকর্ড গত ১৭ মার্চ ট্রেলারটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল উন্মাদনা। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, ট্রেলারটি প্রথম ২৪ ঘণ্টাতেই ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে আগের সব রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়েছে।
- আগের সেরা: ২০২৪ সালে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ প্রথম দিনে ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল।
- পিছিয়ে পড়ল ‘নো ওয়ে হোম’: টম হল্যান্ডের আগের সিনেমা ‘নো ওয়ে হোম’ পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ। সে হিসেবে নতুন স্পাইডি আগের সব ব্লকবাস্টার ট্রেলারকে কয়েক গুণ ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে।
পিটার পার্কারের নতুন চ্যালেঞ্জ ট্রেলারে দেখা যায়, জাদুকরী মন্ত্রের প্রভাবে পিটার পার্কার (টম হল্যান্ড) এখন এমন এক পৃথিবীতে বাস করছেন, যেখানে তাকে কেউ চেনে না। আগের কিস্তির রেশ ধরে পিটারের ব্যক্তিগত সম্পর্ক ও পরিচয়হীন একাকী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ট্রেলারে পিটার ও এমজে-র (জেনডায়া) রসায়ন ফুটে উঠলেও দেখা যায়, এমজে পিটারের কথা কিছুই মনে করতে পারছেন না। প্রিয়জনকে নিরাপদ রাখতে পিটারের এই দূরত্ব বজায় রাখার বিষয়টি দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে।
মুক্তির তারিখ সব ঠিক থাকলে মার্ভেলের এই মেগা প্রজেক্টটি আগামী ৩১ জুলাই ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ট্রেলারের এই অভাবনীয় সাফল্য ইঙ্গিত দিচ্ছে যে, মুক্তির পর বড় পর্দাতেও রাজত্ব করবে এই স্পাইডি।



