আজ বুধবার আবার সোনার দাম বড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনের ঘোষণা অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা।
গতকাল মঙ্গলবারও সোনার দাম বেড়েছে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা। অর্থাৎ দুদিনে সোনার দাম বেড়েছে ৬ হাজার ৫৩২ টাকা।
বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম পড়ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ফলে গত শুক্রবারের পর সোনার দাম ভরিপ্রতি বাড়ল ১৩ হাজার ১২২ টাকা। তার আগে টানা কিছুদিন দাম কমেছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২ হাজার ৮৯৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। আজ রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুস বলছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে। তবে মূলত বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউইয়র্কের স্থানীয় সময় ১ এপ্রিল স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২৭ ডলার বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দাম এখন প্রতি আউন্স ৪ হাজার ৬৭৬ ডলার। গতকাল যখন দেশের বাজারে দাম বৃদ্ধি করা হয়, তখন দাম ছিল ৪ হাজার ৫৫৫ ডলার। এর মধ্যে সোনার দাম আউন্সপ্রতি ১২১ ডলার বেড়েছে।


