বাবা দেবু প্রসাদ রায়ের গ্রেপ্তার ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। রোববার (২৬ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় তিনি জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগ বা আর্থিক লেনদেনের সাথে তার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই।
পূজা চেরি বলেন, বিগত ১০-১২ বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ নিজেই নির্বাহ করছেন। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রমের সাথে তার সম্পর্ক নেই এবং তিনি বর্তমানে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানায় নেই বলেও নিশ্চিত করেন। পরিবারের সদস্য হিসেবে এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও তিনি আশা প্রকাশ করেন যে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।



