১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল জাপান

বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে যারা নিজেদের চমৎকার ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এসেছে এক দারুণ সুযোগ। বিশ্বব্যাংক ও জাপানের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জাপান/বিশ্বব্যাংক স্নাতকোত্তর বৃত্তি কর্মসূচি (JJ/WBGSP)’-এর আওতায় সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এই বৃত্তির দ্বিতীয় ধাপের আবেদনের আজই (২৯ মে, ২০২৬) শেষ দিন।

উন্নয়ন-কেন্দ্রিক (Development-related) বিষয়ে উচ্চতর দক্ষতা অর্জনের জন্য এই স্কলারশিপটি বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হিসেবে বিবেচিত। এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৪৪টি মাস্টার্স প্রোগ্রামে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।

নির্বাচিতরা যেসব সুবিধা পাবেন: এই বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী সম্পূর্ণ অর্থায়ন বা ফুল-ফান্ডেড (Full-Funded) সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য আকর্ষণীয় মাসিক ভাতা (দেশভেদে ভিন্ন হতে পারে)।
  • নিজ দেশ থেকে যাওয়া-আসার ইকোনমি ক্লাসের বিমান টিকিট।
  • সম্পূর্ণ মেডিকেল বা স্বাস্থ্যবিমা।
  • প্রতিবার ভ্রমণের জন্য অতিরিক্ত ৬০০ মার্কিন ডলার ট্রাভেল অ্যালাউন্স বা ভাতা।

আবেদনের যোগ্যতা: বাংলাদেশসহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত নির্দিষ্ট উন্নয়নশীল দেশের নাগরিকেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার প্রধান শর্তগুলো হলো—

  • আবেদনকারীকে অবশ্যই উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে (কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা চলবে না)।
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি থাকতে হবে।
  • স্নাতক সম্পন্ন করার পর অন্তত ৩ বছরের উন্নয়ন-সংশ্লিষ্ট (Development-related) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদন করার সময়েও প্রার্থীকে উন্নয়ন খাতে কর্মরত থাকতে হবে।

যেভাবে মূল্যায়ন করা হবে: আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ১০ নম্বরের একটি বিশেষ স্কেল নির্ধারণ করা হয়েছে। যেখানে চারটি প্রধান বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে—

  • পেশাগত অভিজ্ঞতা (৩০ শতাংশ নম্বর)
  • রেফারেন্স বা সুপারিশপত্র (৩০ শতাংশ নম্বর)
  • নিজ দেশের টেকসই উন্নয়নে অবদানের সম্ভাবনা (৩০ শতাংশ নম্বর)
  • পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা (১০ শতাংশ নম্বর)

আবেদন প্রক্রিয়া: এই বৃত্তির আবেদন প্রক্রিয়া সাধারণ বৃত্তির চেয়ে কিছুটা ভিন্ন। আগ্রহী প্রার্থীদের প্রথমে এই কর্মসূচির আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর নির্দিষ্ট কোর্সে ভর্তির জন্য সরাসরি আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রাথমিক অফার লেটার পাওয়ার পর, সংক্ষিপ্ত তালিকায় থাকা (Shortlisted) প্রার্থীদের কাছে বিশ্বব্যাংক সরাসরি স্কলারশিপের মূল আবেদন লিংক পাঠিয়ে থাকে। এরপরই বৃত্তির চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

সর্বশেষ