বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ বা হাফ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।
আজ শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষা
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে মেট্রোরেলে ভাড়ায় বিশেষ এই ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
আগে থেকেই চালু রয়েছে ২৫% ছাড়
এর আগে প্রবীণ (জেষ্ঠ্য নাগরিক) ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত সুবিধার্থে মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ২৫ জুন থেকে ইতিমধ্যে এই সুবিধা কার্যকর হয়েছে।



