চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তি সংক্রান্ত নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন সম্পূর্ণ করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণির মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে এবং বাকি ৭ শতাংশ আসন কোটা হিসেবে সংরক্ষিত থাকবে।
একাদশে ভর্তি ও ক্লাসের সময়সূচি:
- অনলাইন আবেদন: ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)।
- ফল পরিবর্তন ও পছন্দক্রম সংশোধন: ১২ থেকে ১৩ সেপ্টেম্বর (পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনকারীদের জন্য)।
- প্রথম ধাপের ফলাফল প্রকাশ: ১৭ সেপ্টেম্বর (রাত ৮টায়)।
- ভর্তি নিশ্চায়ন: ১৮ থেকে ১৯ সেপ্টেম্বর (নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে)।
- চূড়ান্ত ভর্তি কার্যক্রম: ২০ থেকে ২২ সেপ্টেম্বর।
- ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬।



