দীর্ঘদিন অ্যালবাম থেকে দূরে থাকলেও একক গান ও চলচ্চিত্রের গানে নিয়মিত শ্রোতাদের কাছে উপস্থিত ছিলেন বালাম। এবার এক যুগের বিরতি ভেঙে নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
নতুন কোনো একক অ্যালবাম প্রকাশ না করলেও ধারাবাহিকভাবে গান দিয়ে আলোচনায় ছিলেন বালাম। বিশেষ করে চলচ্চিত্রে প্লেব্যাক করে তিনি নতুন করে শ্রোতাদের নজর কাড়েন। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তার প্রত্যাবর্তন আলোচিত হয়, এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন তিনি।
এবার সেই ধারাবাহিকতায় বড় চমক নিয়ে আসছেন বালাম। সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি জানান, তার পঞ্চম একক অ্যালবামের কাজ চলছে। অ্যালবামের নাম ‘মাওলা’। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আসন্ন ঈদেই অ্যালবামটি প্রকাশ পাবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর নতুন অ্যালবাম পেতে যাচ্ছেন তার ভক্ত-শ্রোতারা।
বালাম জানান, ছয়টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অ্যালবামটিতে বর্তমান প্রজন্মের শ্রোতাদের কথাও মাথায় রাখা হয়েছে, যাতে জেন-জি শ্রোতাদের সঙ্গেও একটি সংযোগ তৈরি করা যায়।
নতুন অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, একক গান দিয়ে শ্রোতাদের সব ধরনের প্রত্যাশা পূরণ করা কঠিন। অ্যালবাম হলে বিভিন্ন ধাঁচের গান তুলে ধরার সুযোগ থাকে, যা একজন শিল্পীর ভাবনার পূর্ণতা প্রকাশে সহায়ক।
করোনাকালীন অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি গানগুলো বর্তমান সময়ের অস্থিরতার মধ্যে শ্রোতাদের মনে প্রশান্তি এনে দেবে বলেও আশা প্রকাশ করেন বালাম। যদিও অ্যালবামের সব গানের সুর ও সংগীত তিনি নিজেই করেছেন, তবে গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাননি।
উল্লেখ্য, ২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে প্রকাশিত তার তিনটি একক অ্যালবাম শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ ও ‘রিমঝিম’-এর মতো গান দিয়ে বাংলা সংগীতে নিজের অবস্থান শক্ত করেন তিনি। এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আবারও সেই জায়গায় ফিরতে প্রস্তুত বালাম।



