৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জিমেইলে এআই যুক্ত করলো গুগল, ইমেইল ব্যবহারে নতুন সুবিধা

২০ জানুয়ারি ২০২৬

জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে গুগল। ‘জেমিনি’ নামের এআই সহকারীর মাধ্যমে ইমেইল খোঁজা, উত্তর লেখা ও কাজের তালিকা তৈরির মতো সুবিধা যোগ হলেও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।

ইমেইল ব্যবস্থাপনাকে আরও সহজ করতে ধাপে ধাপে নতুন এআইভিত্তিক ফিচার চালু করছে গুগল। চলতি জানুয়ারি থেকেই জিমেইলে এসব সুবিধার রোলআউট শুরু হয়েছে। লক্ষ্য হলো—ভরা ইনবক্স দ্রুত সামলানো এবং ইমেইল লেখার সময় কমানো।

এই নতুন সুবিধাগুলোর ভিত্তি জেনারেটিভ এআই প্রযুক্তি, যা মানুষের ভাষা বুঝে কাজ করতে পারে। গুগলের এই এআই সহকারীর নাম ‘জেমিনি’। এটি ব্যবহারকারীর ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য সামনে তুলে ধরবে।

নতুন ব্যবস্থায় এখন জিমেইলে প্রশ্ন আকারে সার্চ করা যাবে। উদাহরণ হিসেবে কেউ যদি লেখেন—গত মাসে চাকরি নিয়ে যার সঙ্গে কথা হয়েছিল তিনি কে—তাহলে জেমিনি ইনবক্স ঘেঁটে সেই তথ্য বের করার চেষ্টা করবে। সাধারণ সার্চের তুলনায় এখানে সময়, প্রসঙ্গ ও কথোপকথনের ধরনকেও গুরুত্ব দেবে এআই।

এ ছাড়া গুগল একটি নতুন ধরনের ইনবক্স চালুর প্রস্তুতি নিচ্ছে, যা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বছরের শেষ দিকে এটি সবার জন্য উন্মুক্ত হতে পারে। এই ইনবক্স ইমেইলের ভেতর থাকা করণীয় বিষয় শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে একটি টু-ডু লিস্ট তৈরি করবে। ফলে আলাদা করে নোট নেওয়ার প্রয়োজন কমে আসবে।

ইমেইল লেখার ক্ষেত্রেও আসছে পরিবর্তন। নতুন টুলে স্বয়ংক্রিয় প্রুফরিডিং সুবিধা থাকবে, যা বানান ও ভাষাগত ভুল ধরিয়ে দেবে। পাশাপাশি প্রাসঙ্গিক উত্তর সাজেস্ট করবে এআই। ব্যবহারকারী চাইলে সেই উত্তর সরাসরি পাঠাতে পারবেন বা নিজের মতো করে সম্পাদনা করতে পারবেন।

গুগল জানিয়েছে, এসব ফিচারের কিছু অংশ বিনা খরচে ব্যবহার করা যাবে। তবে উন্নত সুবিধাগুলোর জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। কোন কোন ফিচার ফ্রি আর কোনগুলো পেইড—তা ধাপে ধাপে জানানো হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন ইমেইল ব্যবহারের অভ্যাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পুরো ইনবক্স ঘেঁটে মেইল পড়ার বদলে ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপ দ্রুত পেতে পারেন। এতে অপ্রয়োজনীয় ইমেইলে সময় নষ্ট হওয়ার প্রবণতা কমবে।

তবে সুবিধার পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে। জেমিনিকে কার্যকরভাবে কাজ করতে দিতে হলে পুরো ইনবক্সে প্রবেশাধিকার দিতে হবে, যা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের ঝুঁকি তৈরি করতে পারে। গুগলের দাবি, এআই ইমেইল বিশ্লেষণ করলেও কোনো মানব কর্মী ব্যক্তিগত মেইল পড়েন না এবং তথ্য সুরক্ষায় আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

তবুও গোপনীয়তা বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, এত বড় পরিসরে ব্যক্তিগত যোগাযোগ বিশ্লেষণ ভবিষ্যতে নতুন ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এআই-যুক্ত জিমেইল ব্যবহার করে দেখেছেন। তার অভিজ্ঞতায়, স্বয়ংক্রিয় করণীয় তালিকার ফিচারটি বেশ কার্যকর হলেও ইমেইল লেখার গতি বাড়ানোর টুলগুলো এখনো পুরোপুরি সন্তোষজনক নয়।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬