৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে যাব কি না এখনো সিউর না : লিটন দাস

২০ জানুয়ারি ২০২৬

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টুর্নামেন্টে না যাওয়ার অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় থাকলেও আইসিসির দিক থেকেও এখনো স্পষ্ট কোনো বার্তা আসেনি।

চলমান বিপিএলের এলিমিনেটর ম্যাচে শেষ বলে সিলেটের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রংপুর রাইডার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক লিটন দাসের কাছে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্ত জানা নেই।

বিশ্বকাপে খেলা নিয়ে বোর্ডের অবস্থান আদর্শ কি না—এমন প্রশ্নে লিটন দাস সংক্ষিপ্তভাবে ‘নো কমেন্ট’ বলেন। এছাড়া বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, এখনো এ নিয়ে বোর্ড থেকে তার সঙ্গে কোনো কথা হয়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। সাম্প্রতিক সময়ে এ ইস্যুতে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আগামী বুধবার, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। তবে বিসিবি এ দাবি সরাসরি অস্বীকার করেছে।

এদিকে বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় আসে। যদিও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বিষয়ে আইসিসি এখনো স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। স্কটিশ ক্রিকেট কর্মকর্তারাও জানিয়েছে, আপাতত এমন কোনো আলোচনা হয়নি।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬