৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

২৫ জানুয়ারি ২০২৬

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার সম্মিলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে আসবে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩২ হাজার ১৮ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন, ৬টি সংশোধিত এবং ৫টির মেয়াদ বাড়ানো হয়েছে।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হলো দেশের উত্তরাঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১ হাজার শয্যা বিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ স্থাপন। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের প্রথম সংশোধনীও সভায় পাস হয়েছে।

যোগাযোগ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দোহাজারী–রামু–কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতেও সম্মতি দিয়েছে একনেক।

এ ছাড়া যুব ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে শিক্ষিত কর্মপ্রত্যাশীদের জন্য ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির একটি সংশোধিত প্রকল্প অনুমোদিত হয়েছে। স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরি সংক্রান্ত একটি প্রকল্পেও সবুজ সংকেত দেওয়া হয়েছে।

সভায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ ও অবলোকন কেন্দ্র এবং খুলনা নভোথিয়েটার—এই দুটি প্রকল্প অসমাপ্ত অবস্থাতেই সমাপ্ত ঘোষণা করার বিষয়টি সভাকে অবহিত করা হয়।

একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পরিকল্পনা উপদেষ্টা একনেক সদস্যদের ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকা ব্যয়ের ১০টি ক্ষুদ্র প্রকল্প সম্পর্কেও অবহিত করেন।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬