৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনি বিপাকে রণবীর

২৯ জানুয়ারি ২০২৬

বলিউড তারকা রণবীর সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছে। কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ‘হাই গ্রাউন্ড’ থানায় অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়েছে, কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী ও পবিত্র ‘চৌভুন্ডি দৈব্য’ সংস্কৃতি এবং হিন্দু ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করেছেন রণবীর সিং। কয়েক মাস আগে ভারতের গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে দাঁড়িয়ে ঋষভ শেট্টি পরিচালিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘কান্তারা’র প্রশংসা করেন তিনি।

তবে অতিরিক্ত আবেগে সিনেমায় উপস্থাপিত চামুণ্ডাদেবীর আদলে অভিনয় করে বিতর্কের জন্ম দেন রণবীর। এ সময় তিনি চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেন এবং তার অঙ্গভঙ্গি অনেকের কাছে আপত্তিকর বলে বিবেচিত হয়। এই মন্তব্য ও আচরণ ঘিরেই সামাজিক ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিনয়ের আড়ালে রণবীর সিং হিন্দু দেব-দেবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন এবং কর্ণাটকের সংস্কৃতিকে উপহাস করেছেন।

ঘটনার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর মঞ্চে ওই আচরণ শুরু করলে তিনি একাধিকবার ইশারায় তাকে থামানোর চেষ্টা করেন।

ঋষভ শেট্টি বলেন, এমন দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলেছিল। তার ভাষায়, সিনেমা বা অভিনয়ের ক্ষেত্রে স্বাধীনতা থাকলেও দৈব্য সংস্কৃতি অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয়। এই দেব-দেবীদের সঙ্গে মানুষের আবেগ জড়িত থাকায় তিনি সব সময় এ ধরনের অনুকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬