মহাজাগতিক ও চন্দ্র পঞ্জিকার বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে মুসলিম বিশ্ব উদযাপন করবে তিনটি ঈদ। তথ্যটি নিশ্চিত করেছেন সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ। খবর প্রকাশ করেছে Gulf News।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০৩৯ সালের ৬ জানুয়ারি পালিত হবে প্রথম ঈদুল আজহা (১০ জিলহজ ১৪৬০ হিজরি)। একই বছরের ২৬ ডিসেম্বর আবারও উদযাপিত হবে ঈদুল আজহা (১০ জিলহজ ১৪৬১ হিজরি)। অর্থাৎ এক ইংরেজি বছরের মধ্যেই দুইবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং মুসল্লিরা দুইবার আরাফাতের ময়দানে সমবেত হওয়ার সুযোগ পাবেন।
এই দুই কোরবানির ঈদের মাঝখানে ১৯ অক্টোবর উদযাপিত হবে ঈদুল ফিতর। ফলে ২০৩৯ সাল হবে উৎসব ও ইবাদতের এক অনন্য বছর, যেখানে একই বছরে দুটি জিলহজ ও একটি রমজান সম্পন্ন হবে।
বিশেষজ্ঞরা জানান, হিজরি ক্যালেন্ডার ৩৫৪ বা ৩৫৫ দিনের হওয়ায় তা গ্রেগোরিয়ান বছরের তুলনায় প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এ ব্যবধানের কারণেই প্রতি ৩৩ বছর অন্তর এমন বিরল পরিস্থিতি তৈরি হয়। এর আগে ২০৩০ সালেও একই ইংরেজি বছরে দুইবার রমজান পালিত হবে—জানুয়ারি ও ডিসেম্বর মাসে। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে।



