ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ফারস নিউজ জানিয়েছে যে শনিবার সকালে নিজের কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি মারা যান। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনেয়ির মরদেহের ছবি দেখানো হয়েছে এবং তাঁর প্রাসাদের কম্পাউন্ড থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে খামেনেয়ির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যার ফলে প্রাসাদটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে। এর আগে ইরান এই মৃত্যুর খবর অস্বীকার করে একে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছিল। তবে রয়টার্স নিশ্চিত করেছে যে এই হামলায় খামেনেয়ি ছাড়াও তাঁর মেয়ে নাতি পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।



