সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার ২ মার্চ ড্রোন হামলার পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। পারস্য উপসাগর তীরবর্তী এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম। হামলার পর সেখানে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাত ও এই হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯.৪১ ডলারে পৌঁছেছে যা প্রায় ৯ শতাংশ বৃদ্ধি। একই সময়ে মার্কিন তেলের দাম ডব্লিউটিআই ৮.৬ শতাংশ বেড়ে ৭২.৭৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হওয়ায় জ্বালানি সরবরাহে বড় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন তেলের এই মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে পরিবহন ও খাদ্যপণ্যের দাম বাড়িয়ে উচ্চ মূল্যস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে।



