সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন সংবিধান সংস্কার পরিষদের নয়। তিনি আরও উল্লেখ করেন যে বিষয়টি এখনো বিচারাধীন এবং এটি যদি পরবর্তীতে আইনে পরিণত হয় তবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একই সময়ে সরকার দলীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান জানান জনগণের প্রত্যাশা পূরণে সংসদে আলোচনা হবে এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে যা কিছু হবে তা জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে। অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় বিরোধী দল অংশ নেবে এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা উত্থাপন করা হবে।



