পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক কিশোরকে ‘মৃত’ দেখিয়ে করা মিথ্যা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্তে বেরিয়ে এসেছে যে, মামলার ভুক্তভোগী ওই কিশোর বর্তমানে জীবিত রয়েছে।
অব্যাহতি পাওয়া অন্য শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাজারীবাগে আহত হওয়ার একটি ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে সাজিয়ে মামলাটি করা হয়েছিল। ভুক্তভোগী জিহাদ নিজেই আদালতে উপস্থিত হয়ে জীবিত থাকার বিষয়টি স্বীকার করায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না এই অব্যাহতির আদেশ দেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমানের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যেহেতু এটি একটি হত্যা মামলা অথচ ভুক্তভোগী নিজেই জীবিত এবং কেবল জখমপ্রাপ্ত হওয়ার কথা স্বীকার করেছেন, তাই তথ্যের সত্যতা না থাকায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ টেকসই নয়। কেরানীগঞ্জ মডেল থানার জিআরও আবদুল নূর বিষয়টি নিশ্চিত করেছেন।



