মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে যুদ্ধের পথ পরিহার করে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক জরুরি ফোনালাপে বেইজিংয়ের এই অবস্থানের কথা পরিষ্কার করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত ওই ফোনালাপে ওয়াং ই বলেন, “যেকোনো লড়াইয়ের চেয়ে আলোচনা সবসময়ই শ্রেয়।” ইতিপূর্বে সব পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও, এবার বেইজিং জোর দিয়ে জানিয়েছে যে—সব ধরনের আন্তর্জাতিক সংঘাত শক্তি প্রয়োগের বদলে কেবল সংলাপের মাধ্যমেই সমাধান করা উচিত।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এই ফোনালাপের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর, বিশেষ করে চীন ও রাশিয়ার কাছে তেহরানের প্রত্যাশা অনেক বেশি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ এবং ওয়াশিংটনের ‘ক্ষমতার অপব্যবহার’ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ইরান স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় শক্তিগুলোকে আরও কঠোর অবস্থান নিতে হবে।



