২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ২০০০ হোটেল বুকিং বাতিল করলো ফিফা

২৫ মার্চ ২০২৬

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। বিশ্ব ফুটবলের এই মেগা ইভেন্টকে সামনে রেখে আয়োজক দেশগুলোতে আগেভাগেই হোটেল ও আবাসন কেন্দ্র বুক করে রেখেছিল ফিফা। তবে টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে যুক্তরাষ্ট্রে সংরক্ষিত প্রায় ১০ হাজার কক্ষের মধ্যে ২ হাজার হোটেল কক্ষ আকস্মিক বাতিল করেছে সংস্থাটি। কেন এই গণ-বাতিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কোন কোন শহরে বুকিং বাতিল?

মার্কিন সংবাদমাধ্যম এবিসি৬-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এড গ্রোস জানিয়েছেন, ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের চারটি বড় শহরের কেন্দ্রীয় হোটেলগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক কক্ষ বাতিল করা হয়েছে। তবে ফিফার পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। চুক্তির শর্ত মেনেই এই বুকিং বাতিল করায় ফিফাকে কোনো জরিমানাও গুনতে হচ্ছে না।

মেক্সিকোতেও একই চিত্র

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, মেক্সিকো সিটিতেও ফিফা তাদের বুক করা কক্ষের প্রায় ৪০ শতাংশ বাতিল করেছে বলে জানিয়েছে মেক্সিকান সংবাদমাধ্যম এল ফাইনান্সিয়েরো। মেক্সিকো সিটি হোটেল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গত মাসে ২ হাজার কক্ষের মধ্যে ৮০০টি কক্ষের বুকিং বাতিল করা হয়েছে।

আশঙ্কার কিছু নেই বলছেন সংশ্লিষ্টরা

মেক্সিকো সিটি হোটেল অ্যাসোসিয়েশনের জেনারেল ডিরেক্টর আলবার্তো আলবারান লেইভা বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তার মতে, ফিফা মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত কক্ষ বুক করেছিল। এখন প্রয়োজনীয়তা যাচাই করে বাড়তি কক্ষগুলো ছেড়ে দেওয়া হচ্ছে।

ফিলাডেলফিয়ার হোটেল ব্যবসায়ীরাও আশাবাদী। বাতিল হওয়া এই কক্ষগুলো এখন সাধারণ ফুটবল ভক্ত ও দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বিশ্বকাপ চলাকালে বড় বড় সম্মেলন থাকায় এই কক্ষগুলো পুনরায় ভাড়া হতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা।

ভক্তদের জন্য পরামর্শ

হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুটবল ভক্তদের উদ্দেশে বলা হয়েছে, কক্ষ বুক করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত বুকিং সেরে নেওয়া ভালো। কারণ বিশ্বকাপ উপলক্ষে আবাসন সংকট ও চড়া দামের সম্ভাবনা এখনো রয়ে গেছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় প্রায় ৫০ থেকে ৬৫ লাখ ফুটবলপ্রেমীর সমাগম হবে বলে আশা করছে ফিফা।

সর্বশেষ