ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রের জনগণ। ‘নো কিংস’ র্যালিতে বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির লাখ লাখ মানুষ। ইরানের রেজিম পরিবর্তনের চেষ্টায় থাকা ট্রাম্পের বিরুদ্ধে তার নিজ দেশের ‘রেজিম পরিবর্তনের’ স্লোগান উঠেছে।
শনিবার (২৮ মার্চ) দিনভর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ন্যাশভিল এবং হিউস্টনসহ যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি প্রধান শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ছোট ছোট শহরগুলোতেও মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেস-সহ বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলছেন, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভিন্ন নীতি, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ, কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে এই বিক্ষোভ করছেন।
তারা বলেন, ট্রাম্প জনগণের ওপর একজন অত্যাচারী শাসকের মতো রাজত্ব করতে চান।
কিন্তু এটি আমেরিকা এবং এখানে ক্ষমতার মালিক জনগণ—কোনো হতে চাওয়া রাজা বা তাদের কোটিপতি বন্ধুদের হাতে ক্ষমতা নয়।
শনিবার বিকেলে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে বিকেলের দিকে হাজার হাজার মানুষ মিছিল করেন। বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে অবস্থান নেন এবং ন্যাশনাল মল এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আগের র্যালিগুলোর মতো এবারও বিক্ষোভকারীরা ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কুশপুত্তলিকা বহন করেন এবং তাদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।



