সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ ও অভিনেত্রী সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। তার জীবনসঙ্গী কে—এই নিয়ে নেটিজেনদের দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল পাত্রের পরিচয়। লুবাবার হবু বরের নাম মাহমুদ বিন মুনির।
কে এই মাহমুদ বিন মুনির? জানা গেছে, মাহমুদ বিন মুনির একজন প্রবাসী আলেম। তিনি পবিত্র কোরআনের হাফেজ এবং কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। দেশের ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদরাসায় তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসার সূত্রে কুয়েতে অবস্থান করছেন। ২০২১ সাল থেকে তিনি সেখানে বসবাস করছেন এবং কুয়েত ও সৌদি আরবে তাদের সুগন্ধির (পারফিউম) ব্যবসা রয়েছে।
পারিবারিক সম্মতি ও বিয়ে মাহমুদ বিন মুনির নিজেই গণমাধ্যমকে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে এই বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তারা। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার পরই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সম্প্রতি লুবাবা তার ফেসবুক পেজে জীবনসঙ্গীর কথা উল্লেখ করে একটি অস্পষ্ট ছবি শেয়ার করেছিলেন। সেখানে পাত্রের পরিচয় গোপন রাখায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাফেজ মুনিরের পরিচয় নিশ্চিত হওয়া গেল। আপাতত এই বিষয়ে বিস্তারিত আর কিছু না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।



