১৩ কোটি টাকার বেশি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে নগদ এবং ব্যাংকের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ ধার হিসেবে গ্রহণ করেন দেবু প্রসাদ রায়। এর মধ্যে স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে ৬ কোটি টাকা এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে আত্মসাতকৃত অর্থের পরিমাণ ১৩ কোটি টাকারও বেশি। এই বিষয়ে পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।



