২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দিনেও দুঃসংবাদ: বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

২২ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয়ের স্বাদ পেলেও জরিমানার কবলে পড়েছে বাংলাদেশ দল। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে টাইগারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

জরিমানার কারণ ও আইসিসি বিধান

নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ দল ২ ওভার পিছিয়ে থাকায় এই জরিমানা করা হয়েছে। আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করার বিধান রয়েছে। ২ ওভার কম করায় বাংলাদেশ দলকে মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

দায় স্বীকার ও আম্পায়ারদের প্রতিবেদন

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট এই শাস্তি আরোপ করেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, থার্ড আম্পায়ার নিতিন মেনন এবং ফোর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল স্লো ওভার রেটের এই অভিযোগ আনেন।

উল্লেখ্য, মিরপুরের সেই ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ