ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ মে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
কে হচ্ছেন পাত্রী? সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)। আনিকা ফরায়েজির পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পারিবারিক পরিচয়ে তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যানের কন্যা।
আয়োজন ও অনুষ্ঠান পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, বিয়ের আকদ অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সাদিক কায়েমে বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তা আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের শেয়ার করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনুসারীদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী নবদম্পতির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন।



