২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এক মাসেই ৩ বার জ্বালানি তেলের দাম বাড়াল ভারত!

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বড় সিদ্ধান্তের দিকে হেঁটেছে ভারত। বৈশ্বিক এই পরিস্থিতিতে লোকসান পুষিয়ে নিতে চলতি মে মাসেই তৃতীয়বারের মতো পেট্রল ও ডিজেলের দাম বাড়িয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন সংস্থাগুলো। আজ শনিবার (২৩ মে) ভারতের জ্বালানি ডিলাররা এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দিল্লীসহ ভারতের বাজারে নতুন দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের রাজধানী নয়াদিল্লিতে জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে:

  • প্রতি লিটার পেট্রল: ৮৭ পয়সা বেড়ে ৯৯.৫১ রুপি
  • প্রতি লিটার ডিজেল: ৯১ পয়সা বেড়ে ৯২.৪৯ রুপি

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ও মূল্যবৃদ্ধি

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ হলো ভারত। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়। বৈশ্বিক সংকটে বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারতই সবার শেষে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম বাড়াল।

গত ১৫ মে চার বছর পর দেশটিতে প্রথম জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। এরপর ধাপে ধাপে তিন দফার এই মূল্যবৃদ্ধির ফলে ভারতে তেলের দাম লিটার প্রতি প্রায় ৫ রুপি বেড়ে গেল। তেল বিপণন সংস্থাগুলো একবারে চাপ না দিয়ে ধাপে ধাপে দাম বাড়ানোর নীতি অবলম্বন করছে।

লোকসান ও রাজনৈতিক বিতর্ক

ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোতে ভোট ব্যাংকের ক্ষতি এড়াতে এতদিন জ্বালানির দাম বাড়ানো স্থগিত রেখেছিল। তবে দেশটির শোধনাগার বা রিফাইনারিগুলোর সূত্র জানিয়েছে, বিপুল পরিমাণ লোকসান মেটাতে সামনে তেলের দাম আরও বাড়াতে হবে।

ভারত পেট্রোলিয়ামের (বিপিসিএল) চেয়ারম্যান চলতি সপ্তাহের শুরুতে জানান, দাম বাড়ানোর পরেও তারা প্রতি লিটার ডিজেলে ২৫ থেকে ৩০ রুপি এবং পেট্রলে ১০ থেকে ১৪ রুপি রাজস্ব লোকসান গুনছেন। এদিকে ভারতের তেল মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, তেল শোধনাগারগুলোকে কোনো ধরনের আর্থিক প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।

উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সম্মিলিতভাবে ভারতের ১ লাখ ৩ হাজারেরও বেশি ফুয়েল স্টেশনের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। সাধারণত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একসঙ্গেই জ্বালানির দাম নির্ধারণ করে থাকে।

সর্বশেষ