জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৫৭ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিইআরসি জানায়, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। জুন মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা।
নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা। ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৬ টাকা ৫৩ পয়সা।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময় অটোগ্যাসের দামও প্রতি লিটারে ২ টাকা ৫৭ পয়সা কমানো হয়।
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, ডলার বিনিময় হার এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


