২০২৬ বিশ্বকাপের রেশ কাটার আগেই ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে তুমুল আলোচনা। ফুটবলের সবচেয়ে বড় এই আসরের শতবর্ষ পূর্তি উপলক্ষে এবার ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ফিফা। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা—এই তিন মহাদেশের মোট ছয়টি দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ।
বিশ্বকাপের ২৪তম আসরের মূল আয়োজক হিসেবে থাকছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
ঐতিহাসিক স্টেডিয়ামে শতবর্ষ উদযাপন
১৯৩০ সালে ফুটবলের প্রথম বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক ‘এস্তাদিও সেন্টেনারিও’ স্টেডিয়ামে। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এবারও সেখানে একটি বিশেষ উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের ‘এস্তাদিও মনুমেন্টাল’ এবং প্যারাগুয়ের আসুনসিওনের ‘এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব’ স্টেডিয়ামেও একটি করে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইউরোপ ও আফ্রিকায় মূল লড়াই
দক্ষিণ আমেরিকায় উদ্বোধনী ম্যাচগুলো শেষ হওয়ার পর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকায়।
- স্পেন: মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, সারাগোসা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো।
- পর্তুগাল: লিসবন ও পোর্তো।
- মরক্কো: কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঞ্জিয়ার।
সরাসরি খেলবে ৬ দেশ, চূড়ান্ত সূচি
আয়োজক দেশ হওয়ার সুবাদে মরক্কো, স্পেন, পর্তুগাল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে—এই ৬টি দল কোনো বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ ও ৯ জুন দক্ষিণ আমেরিকার তিন দেশে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১৩ বা ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইউরোপ ও আফ্রিকায় শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। আর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই, তবে ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করেনি ফিফা।
বদলে যেতে পারে দলের ফরম্যাট!
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। এই নতুন কাঠামো সফল হলে ২০৩০ বিশ্বকাপেও ৪৮ দলের ফরম্যাট বহাল থাকতে পারে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের (CONMEBOL) পক্ষ থেকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের একটি প্রস্তাব রয়েছে, যা বর্তমানে ফিফার বিবেচনায় আছে। এটি বাস্তবায়ন হলে ম্যাচ সংখ্যা আরও বাড়বে।
এদিকে, এই আসরের বাছাইপর্ব নিজ নিজ মহাদেশীয় ফুটবল সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। যার মধ্যে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) নতুন চ্যাম্পিয়ন্স লিগ-ধাঁচের বাছাইপর্ব চালুর পরিকল্পনা করছে এবং কনকাকাফ অঞ্চলের বাছাইপর্ব ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হবে।



