বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

২৩ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে ধারাবাহিক হামলার প্রভাবে বিশ্ববাজারে আবারও বড় ধরণের লাফ দিয়েছে অপরিশোধিত তেলের দাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে মানদণ্ড ধরা হয় এমন ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৬ ডলারে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে এটি প্রতি ব্যারেল ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনীর ইরান-সংশ্লিষ্ট নতুন হামলা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লোহিত সাগরে চলাচলের পথে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় পুরো অঞ্চলজুড়ে নতুন করে সংকট ঘনীভূত হয়েছে। লোহিত সাগরের নিরাপত্তা ঝুঁকিতে পড়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের বাজার এখন অনেকটাই ঊর্ধ্বমুখী।

উল্লেখ্য, এর আগের দিনের লেনদেন শেষেও ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল এবং ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পরিস্থিতি অব্যাহত থাকলে তেলের বাজারে এই অস্থিরতা আরো কিছুদিন বজায় থাকতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সর্বশেষ