সংযুক্ত আরব আমিরাতে চলমান বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি (NCM)। মঙ্গলবার (২৪ মার্চ) পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় আল ধাফরা ও আবুধাবি অভিমুখে ঘনীভূত মেঘপুঞ্জ অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে।
নিরাপত্তা বিধিতে কঠোর শাস্তির ঘোষণা
জনসাধারণের জানমাল রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী বড় অংকের জরিমানার বিধান রাখা হয়েছে:
- ওয়াদি এলাকায় প্রবেশ: ২,০০০ দিরহাম জরিমানা, ২৩টি ট্রাফিক পয়েন্ট এবং ৬০ দিনের জন্য গাড়ি জব্দ।
- প্লাবিত এলাকায় ভিড় করা: ১,০০০ দিরহাম জরিমানা ও ৬টি ট্রাফিক পয়েন্ট।
- উদ্ধার কাজে বাধা প্রদান: ১,০০০ দিরহাম জরিমানা ও ৪টি ট্রাফিক পয়েন্ট।
চালকদের জন্য বিশেষ নির্দেশনা
বৃষ্টির কারণে সড়কে দৃশ্যমানতা কমে আসায় চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পিচ্ছিল রাস্তায় গতি সীমিত রাখা, সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং হেডলাইট ও উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ সময় মোবাইল ফোন ব্যবহার ও হঠাৎ লেন পরিবর্তন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নাগরিকদের জন্য সতর্কতা ও জরুরি সেবা
দুবাই মিউনিসিপ্যালিটি ও আবুধাবি জ্বালানি বিভাগ নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে:
- বৈদ্যুতিক খুঁটি, ল্যাম্পপোস্ট এবং বড় গাছ বা অস্থায়ী সাইনবোর্ডের নিচে আশ্রয় নেওয়া যাবে না।
- ছাদ বা বারান্দার আলগা জিনিসপত্র সরিয়ে রাখতে হবে।
- জলাবদ্ধতা বা গাছ পড়ে গেলে দ্রুত 800900 নম্বরে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশি-বিদেশি সকল বাসিন্দাকে অপ্রয়োজনে বাইরে বের না হতে এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।



