নবজাতকের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। তবে সন্তান জন্মের পর অনেক মায়ের ক্ষেত্রেই পর্যাপ্ত দুধ না পাওয়ার সমস্যা দেখা দেয়। এ অবস্থায় বিকল্প খাবারের দিকে না গিয়ে ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে বুকের দুধের সরবরাহ বাড়ানো সম্ভব।
খাদ্যাভ্যাসে বিশেষ কয়েকটি উপাদান যুক্ত করলে মায়ের বুকের দুধ বৃদ্ধি পায়:
- জিরা: বুকের দুধ বাড়াতে অত্যন্ত কার্যকর। রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চা-চামচ জিরা ও সামান্য চিনি মিশিয়ে পান করলে দ্রুত ফল পাওয়া যায়।
- মৌরি: এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা দুধ উৎপাদনে ভূমিকা রাখে। এক গ্লাস পানিতে মৌরি ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করা বা মৌরি দিয়ে চা বানিয়ে খাওয়া যেতে পারে।
- আদা ও রসুন: আদা-রসুন বুকের দুধের উৎপাদন বজায় রাখতে সাহায্য করার পাশাপাশি প্রসূতি মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- সজনে ডাঁটা: নিয়মিত আধা কাপ দুধের সঙ্গে সজনে ডাঁটার জুস মিশিয়ে খেলে মায়ের বুকের দুধের সরবরাহ বাড়ে।
- বেদানা: বেদানার রস নতুন মায়েদের রক্ত পরিশোধনে সহায়তা করার পাশাপাশি বুকের দুধ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে।
- দারুচিনি: চায়ের সঙ্গে সামান্য দারুচিনি মিশিয়ে পান করলে তা বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে। তবে অতিরিক্ত দারুচিনি খাওয়া থেকে বিরত থাকতে হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রসূতি মায়েরা নিয়মিত ও সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি এসব প্রাকৃতিক উপাদান গ্রহণ করলে সহজেই শিশু পর্যাপ্ত পুষ্টি পেতে পারে।



