ফেসবুকে ভাইরাল ৬৪ জেলার ভ্রমণ-ম্যাপ, ‘আনসিন বাংলাদেশ’ তৈরির গল্প জানালেন সাব্বির

৬ অক্টোবর ২০২৬

ফেসবুকে ঢুকলেই এখন চোখে পড়ছে বাংলাদেশের বিভিন্ন জেলার রঙিন মানচিত্র। কে কতটি জেলা ভ্রমণ করেছেন, সেটি ম্যাপে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ধুম পড়েছে। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ভ্রমণপিয়াসী—সবার কৌতূহল জাগানো এই ইন্টারঅ্যাক্টিভ ম্যাপের পেছনে রয়েছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। আর এই উদ্ভাবনী উদ্যোগের নেপথ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির হোসেন রবিন।

যেভাবে শুরু ‘আনসিন বাংলাদেশ’-এর যাত্রা নোয়াখালীতে জন্ম ও চট্টগ্রামে বেড়ে ওঠা সাব্বির হোসেন পেশায় একজন সফটওয়্যার ও মোবাইল অ্যাপ ডিজাইনার। ব্যক্তিগত ভ্রমণের সুবিধার্থেই প্রথম এই চিন্তা মাথায় আসে তাঁর। নতুন কোনো জেলা ঘুরে আসার পর মানচিত্রে সহজে তা চিহ্নিত করে রাখার কোনো ব্যবস্থা না থাকায়, নিজেই এআই-এর সহায়তায় একটি ওয়েবসাইটের রূপ দেন।

প্রাথমিকভাবে কোনো বাণিজ্যিক পরিকল্পনা বা বড় প্রচার ছাড়াই তৈরি সাইটটি বন্ধুদের পরামর্শে নিজের ফেসবুকে শেয়ার করেন। এরপরই ঘটে অবিশ্বাস্য ঘটনা। কোনো আনুষ্ঠানিক প্রচারণা ছাড়াই ভ্রমণবিষয়ক বিভিন্ন গ্রুপে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

এক রাতেই ভাইরাল, ফ্রি ওয়েবসাইট থেকে নিজস্ব ডোমেইন শুরুতে বিনামূল্যে পাওয়া ডোমেইনে চালুকৃত সাইটটিতে এক রাতেই একসাথে প্রায় তিন হাজার মানুষ ঢুকে পড়েন। ফ্রি হোস্টিংয়ের সীমা পার হওয়ার উপক্রম হলে সাব্বির বাধ্য হয়ে নিজস্ব ডোমেইন ও হোস্টিং কিনে সাইটটিকে পূর্ণাঙ্গ রূপ দেন। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী পরবর্তীতে এতে যুক্ত করা হয় বিশ্বের মানচিত্র, দর্শনীয় স্থানের তথ্য এবং ট্রিপ প্ল্যানারের মতো দরকারী সব ফিচার।

কী কী থাকছে ‘আনসিন বাংলাদেশ’ প্ল্যাটফর্মে?

  • ৬৪ জেলার ভ্রমণ-মানচিত্র: ব্যবহারকারীরা নিজের ঘুরে আসা জেলাগুলো চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় ডাউনলোড ও শেয়ার করতে পারেন।
  • ভ্রমণ সহায়িকা ও ট্রিপ প্ল্যানার: কোথায় যাবেন, কীভাবে যাবেন এবং আনুমানিক বাজেটের হিসাব এক জায়গাতেই পাওয়ার সুবিধা রয়েছে।
  • বিশ্ব মানচিত্র ও গেমস: দেশের বাইরের ভ্রমণের হিসাব রাখা ছাড়াও কুইজ ও ইন্টারঅ্যাক্টিভ ফিচারের ব্যবস্থা রাখা হয়েছে।
  • ব্যবহারকারীদের অংশগ্রহণ: অনেক জেলার দর্শনীয় স্থান বাদ পড়লে ব্যবহারকারীরা নিজেরাই ছবি ও তথ্য পাঠাচ্ছেন সাইটটি সমৃদ্ধ করতে।

দেশের পর্যটন খাত নিয়ে বড় স্বপ্ন তথ্যপ্রযুক্তি খাতে কাজের সূত্রে বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা থেকে সাব্বির জানান, বাংলাদেশে ঘুরতে আসার আগ্রহ থাকলেও পর্যটনের সমন্বিত কোনো তথ্যভিত্তিক ওয়েবসাইট না থাকায় সঠিক তথ্য দেওয়া কঠিন হয়ে পড়ে। শ্রীলঙ্কা বা নেপালের মতো বাংলাদেশেও একটি বিশ্বমানের পর্যটন প্ল্যাটফর্ম থাকা জরুরি বলে তিনি মনে করেন।

সাব্বিরের ইচ্ছা, ‘আনসিন বাংলাদেশ’ একদিন সরকারি বা পর্যটন খাতের বড় কোনো প্রতিষ্ঠানের নজরে আসবে। দেশের পর্যটন খাতের প্রসারে প্রয়োজন হলে সম্পূর্ণ বিনামূল্যে এই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও তাঁর কোনো আপত্তি নেই।

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর ২০২৬