রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ

১৯ নভেম্বর ২০২৬

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা বহুল আলোচিত মামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবারের এই রায়ে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ প্রদানে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।

জাতিসংঘের শীর্ষ এই আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকরা কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিলেন। মিয়ানমারের ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের শিকার রোহিঙ্গাদের জন্য এটি ন্যায়বিচার হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেদারল্যান্ডসের হেগে আদালতের ‘গ্রেট হল অব জাস্টিসে’ রায় ঘোষণা করতে গিয়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, “গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।”

প্রায় তিন ঘণ্টা ধরে ইওয়াসাওয়া ওই অভিযানের সময় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার জ্বলন্ত প্রমাণ তুলে ধরেন; যে অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের বিরুদ্ধে ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে ‘চরম সহিংস’ কর্মকাণ্ড ঘটিয়েছে।

আইসিজে বলেছেন, রোহিঙ্গা গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ এবং সেখানে রোহিঙ্গা নন এমন বাসিন্দাদের বসতি স্থাপন করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, জনগোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, এটিই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান; যা গণহত্যার মূল মানদণ্ড।

নিরাপদ প্রত্যাবাসন

সহিংসতার মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ‘নিজ বসবাসের স্থানে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ ও তা সহজতর করার’ নির্দেশ দিয়েছেন আদালত।

গণহত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবশ্যই তদন্ত ও শাস্তি দিতে হবে বলেও বিচারকেরা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণের পরিমাণ কী হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালতের এসব সিদ্ধান্ত বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করা যায় না। আদালতের রায় কার্যকর করার কোনো ক্ষমতা নেই এবং মিয়ানমারের শাসকরা এই আদেশ পালন করবে কি না; সেটিই এখন দেখার বিষয়।

তবে এই রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লেইংয়ের ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার আগে রোহিঙ্গা দমন-পীড়নের সময় তিনি দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

এই বছর অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠিত নির্বাচনের পর তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসানো হয় এবং তিনি বৈধতা অর্জনের জন্য কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন; যা এই রায়ের কারণে জটিল হয়ে উঠতে পারে।

আদালতের আরেকটি আলোচিত মামলা রয়েছে। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে কি না; সে বিষয়ে আদালত কী ধরনের রায় দেবেন, তার সূত্র খুঁজতে আইন বিশেষজ্ঞরা আইসিজের এই যুগান্তকারী রায়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।

ন্যায়বিচার চান রোহিঙ্গারা

বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই রায় জবাবদিহির ক্ষেত্রে ক্ষীণ আশার আলো দেখিয়েছে। রায়ের আগে নিজের পরিবারের সঙ্গে বসবাস করা আশ্রয়কেন্দ্রে বসে ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা নারী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমি ন্যায়বিচার চাই।”

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “যারা নারীদের ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আইসিজের এ বিষয়ে আলাদা করে কিছু বলা উচিত।”

সহিংসতা থেকে বেঁচে যাওয়া মানুষজন সঙ্গে করে নিয়ে এসেছেন গণধর্ষণ, নির্বিচার হত্যাকাণ্ড এবং পরিবার ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার রোমহর্ষক কাহিনী।

শরণার্থী শিবিরগুলোর মানবেতর অবস্থা থেকে অনেক দূরে ১৫ বিচারপতির এই প্যানেল সাত বছর ধরে মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার শামিল কি না, তা খতিয়ে দেখছিলেন।

১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া এই মামলা দায়ের করেছিল। এই সনদ অনুযায়ী কোনো দেশ যদি মনে করে যে অন্য কোনো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে, তাহলে তারা মামলা করতে পারে।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছে, একের পর এক হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হওয়ার পর বিদ্রোহীদের সশস্ত্র অভ্যুত্থানের জবাবে ওই সামরিক অভিযান শুরু করা হয়েছিল।

গত জানুয়ারিতে মামলার শুনানির সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেছিলেন, মিয়ানমার নিষ্ক্রিয় থাকা এবং সন্ত্রাসীদের অবাধে তাণ্ডব চালানোর সুযোগ দিতে বাধ্য ছিল না।

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো বলেন, বহু বছর ধরে অমানবিক আচরণ ও নিপীড়নের শিকার একটি অরক্ষিত জনগোষ্ঠীর ওপর কল্পনাতীত নৃশংস ও পাশবিক সহিংসতা চালানোর বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনা করার পর দেশটি এই মামলা করেছে।

তিনি বলেন, আইসিজেতে গাম্বিয়ার এই প্রচেষ্টায় ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে। এটি আন্তর্জাতিক আইনের দুর্বোধ্য কোনো বিষয় নয়, এটি বাস্তবের মানুষ, বাস্তবের গল্প এবং বাস্তবের একদল মানবসত্তার বিষয়।

সহিংসতা থেকে বেঁচে যাওয়া মোহাম্মদ ওসমান আশা প্রকাশ করে বলেন, এই রায় তাকে বাড়িতে ফিরে গিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নিহত তার বাবা-মা ও ছোট ভাইয়ের শেষ বিদায় সম্পন্ন করার সুযোগ করে দেবে। ২০ বছর বয়সী ওসমান এএফপিকে বলেন, তারা আমার বাবাকে গুলি করে মেরে ফেলে, আমার মাকে অন্য কয়েকজন নারীর সঙ্গে একটি ঘরে ঢুকিয়ে ধর্ষণ করে এবং আমাদের বসতভিটা পুড়িয়ে দেয়।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে কী ঘটেছিল?

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে এবং ২০১৭ সালের আগস্টে বৃহৎ পরিসরে অভিযান চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

জাতিসংঘের তদন্তকারীরা দেখেছেন, সৈন্যরা শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে, ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং রোহিঙ্গা নারী, কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করেছে। এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

সহিংসতার পর দায়ের করা মাত্র দুটি মামলায় সামরিক বাহিনী কয়েকজন সৈন্যকে দোষী সাব্যস্ত করার ঘোষণা দেয়। তবে একটি মামলায় ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাতজন সৈন্যকে ১০ বছরের সাজা ভোগের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়।

এই দমন-পীড়নের অনেক আগেই, মিয়ানমার ১৯৮২ সালে স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয় এবং অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে অভিহিত করে। এরপর থেকেই প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে এই রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।

২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি নামের একটি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী রাজ্যটির বেশির ভাগ অংশ দখল করে নেয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে বলেছে, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালিয়েছে। এ সময় আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগ করা হয়।

জাতিসংঘ বলেছে, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে বাংলাদেশে পৌঁছানো শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।

প্রায় সব শরণার্থীই কক্সবাজার জেলার ছোট জনাকীর্ণ শিবিরগুলোতে বসবাস করেন; যেখানে তারা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে এই সাহায্য ব্যাপকভাবে কমে গেছে; বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার পর থেকে।

বেশির ভাগ শরণার্থী এখন কম খাদ্য রেশন পাচ্ছেন এবং অনেক শিবিরের স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।

মিয়ানমারকে আইসিজেতে কেন নেয় গাম্বিয়া?

গাম্বিয়া বলছে, রোহিঙ্গাদের ওপর দশকের পর দশক ধরে চলা নিপীড়নের পর তারা এই মামলাটি দায়ের করেছে; যার চূড়ান্ত রূপ ছিল ২০১৭ সালের অভিযান। সেই অভিযানে ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে আফ্রিকার এই দেশটি।

২৫ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদু।

২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মিয়ানমার শুরুতে বলেছিল, যেহেতু গাম্বিয়া এই সংঘাতে সরাসরি জড়িত নয়; তাই তারা মামলা করতে পারে না। কিন্তু ২০২২ সালে বিচারকরা রায় দেন, গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে। কারণ উভয় দেশই ওই সনদের পক্ষভুক্ত এবং এর আওতায় সব স্বাক্ষরকারী দেশ গণহত্যা প্রতিরোধ ও দণ্ড প্রদানে বাধ্য।

এরপর চলতি বছরের জানুয়ারিতে মামলাটির মূল বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হয় এবং কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি রাষ্ট্র গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়।

ভবিষ্যতের গণহত্যা মামলার জন্য এই রায় কী অর্থ বহন করতে পারে?

আইসিজের কাছে বিচারাধীন পাঁচটি গণহত্যা মামলার মধ্যে মিয়ানমারের এই রায়টি প্রথম চূড়ান্ত রায়। ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকার বলেছেন, এই ফলাফল আদালতের দীর্ঘদিনের ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’ পরীক্ষাটিকে স্পষ্ট করতে পারে। এর অধীনে, অন্য কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা না মিললেই কেবল বিচারকরা আচরণের ধরন থেকে গণহত্যার উদ্দেশ্য অনুমান করেন।

তিনি বলেন, বলকান যুদ্ধ নিয়ে আদালতের দুটি রায়ে এটি অস্পষ্ট থেকে গিয়েছিল যে সশস্ত্র সংঘাতের পাশাপাশি গণহত্যা ঘটেছে বলে গণ্য করা যায় কি না; যা তার মতে ছিল ‘একটি অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত কঠোর মানদণ্ড’।

তিনি বলেন, “আমার মতে, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া জেতায়, আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয়ী হবে।”

সর্বশেষ