মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা বহুল আলোচিত এই মামলার রায় পড়ার শুরুতে এ তথ্য জানিয়েছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ সময় বেলা ৩টায় সরাসরি সম্প্রচারিত এই রায় পড়া শুরু হয়, যা এখনো চলছে। আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’’
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা কি না, ১৫ বিচারপতির এই বেঞ্চ তা খতিয়ে দেখছেন।
গাম্বিয়ার মামলা ও প্রেক্ষাপট
২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করা সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় দায় মিয়ানমারের—এমন অভিযোগে গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা করা হয়।
বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যা, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও বলেছে, ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এই যুগান্তকারী রায়ের মাধ্যমে ন্যায়বিচার ও নিজ মাতৃভূমিতে ফেরার পথ তৈরি হওয়ার প্রত্যাশা করছেন।
মামলার অগ্রগতির সংক্ষিপ্ত ইতিহাস
- আগস্ট ২০১৭: রাখাইনে আরসার হামলার পর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হয় এবং হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
- ডিসেম্বর ২০১৭: ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু রয়েছে।
- জানুয়ারি ২০২০: আইসিজে রুল জারি করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
- ২০২৩–২০২৪: কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ গণহত্যা সনদের ব্যাখ্যা দিয়ে বিচারপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার ঘোষণা দাখিল করে।
- জানুয়ারি ও নভেম্বর ২০২৬: প্রকাশ্য শুনানির পর বিচার-বিশ্লেষণ শেষে গত ৩ নভেম্বর আইসিজে ১৯ নভেম্বর রায় প্রদানের ঘোষণা দেন।



