পবিত্র নগরী মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত দ্য হলি কোরআন মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে পবিত্র কোরআনের একটি অত্যন্ত বিরল ও মূল্যবান পাণ্ডুলিপি। বিশেষজ্ঞদের মতে, হাতে লেখা এই কপিটির বয়স প্রায় দেড় হাজার বছর, যা হিজরি নবম শতাব্দীর সময়কালের বলে ধারণা করা হচ্ছে।
লেভান্টাইন নাসখ লিপিতে রচিত এই পাণ্ডুলিপিটি এর নিখুঁত অলংকরণ, সূক্ষ্ম নকশা ও স্বর্ণখচিত শৈল্পিক সৌন্দর্যের কারণে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। এতে ব্যবহৃত নকশা ও লেখনশৈলীর মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলমানদের কোরআনের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের প্রতিফলন স্পষ্ট হয়ে উঠেছে।
এই অমূল্য পাণ্ডুলিপিটি মূলত সংরক্ষিত রয়েছে কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজে। কোরআন জাদুঘরে চলমান প্রদর্শনীটি একটি যৌথ উদ্যোগের অংশ, যার উদ্দেশ্য কোরআনের ঐতিহ্যবাহী নিদর্শন ও দুর্লভ পাণ্ডুলিপিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা।
আয়োজকদের ভাষ্য, এই ধরনের প্রদর্শনী দর্শনার্থীদের জন্য কেবল ধর্মীয় অভিজ্ঞতাই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও বৌদ্ধিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় ঐতিহ্য ও শিল্পকলার অনন্য সমন্বয়ে এই আয়োজন ইতোমধ্যেই ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, হিরা কালচারাল ডিস্ট্রিক্টে গড়ে ওঠা দ্য হলি কোরআন মিউজিয়াম কোরআনের ইতিহাস, সংরক্ষণ পদ্ধতি এবং শিল্পরীতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সূত্র: সৌদি গেজেট



