ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকা থেকে বেরিয়ে আসা একটি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর বিরল ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। কাঠুরে, শিকারি ও পশুপালকদের আগ্রাসনে এই গোষ্ঠীটির অস্তিত্ব যে মারাত্মক হুমকির মুখে পড়েছে, তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছে আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলো।
মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকারবিষয়ক সংগঠন ‘সারভাইভাল ইন্টারন্যাশনাল’ ছবিগুলো প্রকাশ করে। এর আগে সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায় সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর এই সাক্ষাতের ঘটনা ঘটে। এ সময় তাঁরা খাবার চেয়ে আবেদন জানান। সংগঠনটি এই ঘটনাকে একটি ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছে।
অস্তিত্বের সংকটে আওয়া জনগোষ্ঠী
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সংস্থা ‘ফুনাই’-এর তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানিয়াওয়ের একটি তুপি-গুয়ারানি সম্প্রদায়। এদের একটি অংশ এখনও বনাঞ্চলে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।
অবৈধ কাঠুরে ও পশুপালকদের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকা আদিবাসী সংগঠন ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’-এর অনুরোধে সারভাইভাল ইন্টারন্যাশনাল এই দৃশ্য প্রকাশ করে। সারভাইভালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, ‘বাসসস্থানের চারপাশে অনুপ্রবেশকারীদের অবাধ চলাচলের কারণে আওয়া জনগোষ্ঠী চরম বিপদের মুখে রয়েছে। বন ধ্বংসের ফলে তারা আমাজনের ক্রমেই ছোট হয়ে আসা এলাকায় সীমাবদ্ধ হতে বাধ্য হচ্ছে।’
বহিরাগতদের সংস্পর্শে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
মারানিয়াওয়ের স্থানীয় আদিবাসী সংগঠন ‘কোয়াপিমা’ জানিয়েছে, বিচ্ছিন্ন এসব জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, বাইরের মানুষের সংস্পর্শে এলে এসব আদিবাসী সাধারণ ফ্লু বা বিভিন্ন অজানা ভাইরাসে আক্রান্ত হতে পারেন, যা পুরো গোষ্ঠীর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।
এর আগে আশির দশকে কলম্বিয়ায় বহিরাগতদের সংস্পর্শে আসার পর বিচ্ছিন্ন নুকাক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।
ব্রাজিল সরকারের নীতি অনুযায়ী স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকা আদিবাসীদের সঙ্গে সাধারণত কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করা হয় না। তবে বর্তমান পরিস্থিতিতে আমাজনের বন ধ্বংস ও অবৈধ অনুপ্রবেশ রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অধিকারকর্মীরা।



