বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির (জয়েন্ট কমিটি) ৯১তম বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ এ তথ্য জানিয়েছে।
আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত ও বাংলাদেশের সদস্যদের নিয়ে গঠিত এই যৌথ কমিটির মূল দায়িত্ব হলো গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করা।
তবে ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলের এবারের ঢাকা সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত নেই। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
নিয়মিত কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন
ভারতের সরকারি সূত্র জানিয়েছে, যৌথ কমিটির এই বৈঠকটি তাদের নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ। বৈঠকে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে বছরে তিনবার যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, সংগৃহীত সব তথ্যের ভিত্তিতে প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্যদের নেতৃত্বে গঠিত এই যৌথ কমিটির সর্বশেষ বৈঠক গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, দ্বিপক্ষীয় এই চুক্তির ব্যবস্থাগুলো বাস্তবায়ন, সমস্যা পর্যালোচনা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়টিও এই কমিটির দায়িত্বের অন্তর্ভুক্ত।
চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা
৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার দোরগোড়ায় এসেও এর ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত পাওয়া যায়নি। ভারতের আরেকটি সরকারি সূত্র জানিয়েছে, চুক্তিটি পুনরায় আলোচনা করে নবায়ন করার বিষয়ে এখন পর্যন্ত ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না এবং হলে কী শর্তে—সেটি সম্পূর্ণ রাজনৈতিক পর্যায়ে নির্ধারিত হবে বলে সূত্রটি উল্লেখ করেছে।
এর আগে গত সেপ্টেম্বরে দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছিলেন, নতুন করে চুক্তি করার ক্ষেত্রে ১৯৭৭ সালের চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা-সংক্রান্ত ধারাটি অন্তর্ভুক্ত করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার ও দাবি। এই ধারার মাধ্যমে শুষ্ক মৌসুমের সংকটপূর্ণ সময়ে ভাটির দেশ বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
চুক্তির পটভূমি ও পানি বণ্টন ফর্মুলা
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বণ্টন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
চুক্তির ফর্মুলা অনুযায়ী:
- গঙ্গায় পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পরিমাণ পানি পাবে।
- পানিপ্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং বাকি পানি পাবে ভারত।
- পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।
- শুষ্ক মৌসুমের সবচেয়ে সংকটপূর্ণ সময়ে (১১ মার্চ থেকে ১০ মে) পর্যায়ক্রমে তিনটি ১০ দিন মেয়াদি সময়ে দুই দেশই ৩৫ হাজার কিউসেক করে পানি পায়।
তবে ফারাক্কায় পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলে (প্রতি সেকেন্ডে ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে) বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার কোনো বাধ্যতামূলক নিশ্চয়তা বর্তমান চুক্তিতে নেই। এমন পরিস্থিতিতে দুই দেশের আলোচনার মাধ্যমে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।



