আন্দোলনের মাঝে তৌফিক হত্যায় জড়িত কারা? ১৫ দিনেও মামলা নেই, ময়নাতদন্ত ছাড়াই দাফন

১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরের মির্জাপুর বাজারে পোশাকশ্রমিকদের আন্দোলনে হামলার শিকার হয়ে তৌফিক হোসেন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ২ নভেম্বর হামলার শিকার হওয়ার পরদিন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এমনকি ময়নাতদন্ত ছাড়াই নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার মরদেহ দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় ‘নোমান টেরি টাওয়েল মিলস’-এর কর্মকর্তা, কর্মচারী এবং তাদের ভাড়া করা বহিরাগতদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে মিল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

যেভাবে ঘটল হত্যাকাণ্ড ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গত ১ নভেম্বর থেকে গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। পরদিন ২ নভেম্বর গাজীপুরের ভাওয়াল পূর্ব মির্জাপুর বাজারে অবস্থান নেন আন্দোলনকারীরা। বাজারে সোহাগ এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ওই সময় ঘটনাস্থলে ছিলেন লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং বিভাগের শ্রমিক তৌফিক হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করার অভিযোগ তুলে কয়েকজন তৌফিকের ওপর চড়াও হন। এলোপাতাড়ি মারধরের পর গুরুতর আহত অবস্থায় তাকে সেখানেই ফেলে রাখা হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই ৩ নভেম্বর তার মৃত্যু হয়।

সিসি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান ঘটনার দিনের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ২ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে নোমান টেরি টাওয়েল মিলসের সামনে চারজন পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। তাদের মধ্যে মিলের সিকিউরিটি ইনচার্জ রফিক ও অ্যাডমিন অফিসার রাশেদ ছিলেন। ১টা ৩৬ মিনিটে মিলের শ্রমিক আল আমিনসহ মোহাম্মদ আলী, সৈকত ও আরও ১০-১৫ জন কর্মচারী এবং বহিরাগতরা সেখানে অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে নোমান মিলসের এক নিরাপত্তারক্ষী জানান, আন্দোলনকারীদের রুখতে বহিরাগতদের ভাড়া করে এনেছিল মিল কর্তৃপক্ষ। মিলের শ্রমিক আল আমিনও স্বীকার করেন, কর্তৃপক্ষের নির্দেশেই তারা কয়েকটি দলে ভাগ হয়ে মিলের আশপাশে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে স্থানীয় প্রভাবশালী ও অপরিচিত অনেক বহিরাগত ছিল।

তৌফিকের বন্ধু ও প্রত্যক্ষদর্শী সাব্বির বলেন, “লাঞ্চ করে ফেরার পথে মির্জাপুর পূর্বপাড়া বাজারের কিছু লোক শ্রমিকদের ধাওয়া করলে আমরা মাঝখানে পড়ে যাই। আমি রাস্তার এপারে চলে এলেও নোমান গ্রুপের লোকজন তৌফিককে ধরে রড ও লাঠি দিয়ে বেদম মারধর করে ফেলে রেখে যায়।”

নোমান মিলসের আরেক শ্রমিক শরিফুল ইসলামও অভিযোগ করে বলেন, “আমাদের অফিসাররাই লোক ভাড়া করে এনে ছেলেটাকে মেরেছে। আমরা এর বিচার চাই।”

জানাজায় বাধা ও মামলা না হওয়ার নেপথ্যে তৌফিকের বড় ভাই মো. হারুন জানান, মৃত্যুর পর লাশ নিয়ে গাজীপুরের মির্জাপুর ইউনিয়নের সাগর মার্কেট এলাকায় একটি স্কুলের পাশে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু জানাজা শেষ হতেই নোমান গার্মেন্টসের লোকজন তাদের সেখানে ১০ মিনিটও থাকতে দেয়নি এবং দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে।

মামলা না করার বিষয়ে হারুন বলেন, “প্রতিদিনের জীবনযাপন চালাতেই আমাদের কষ্ট হয়, মামলা চালানোর মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই।” তবে গাজীপুর থেকে মরদেহ নিয়ে রওনা দেওয়ার পর জয়দেবপুর থানা পুলিশ তাদের তদারকি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় বলে তিনি জানান।

কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিক নেতাদের বক্তব্য অভিযোগের বিষয়ে জানতে নোমান টেরি টাওয়েল মিলসে যোগাযোগ করা হলে অ্যাডমিন ম্যানেজার শহিদুল ইসলাম সিকিউরিটি ইনচার্জের মাধ্যমে জানান, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করবেন না এবং ঘটনার সঙ্গে তাদের প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “একটি কারখানা বন্ধের জন্য বহিরাগত কিছু লোক চাপ সৃষ্টি করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক গুরুতর আহত হয়ে পরে মারা যান। ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল না।” জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, এখনো কোনো মামলা হয়নি, তবে পুলিশ সবকিছুর তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

এদিকে এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক শফিউল আলম। তিনি বলেন, “নিহতের পরিবার অসহায়ত্বের কারণে মামলা না করলেও রাষ্ট্রের পক্ষ থেকে মামলার বিধান রয়েছে। প্রশাসনের উচিত ছিল পরিবারটিকে আইনি সহায়তা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা।”

সর্বশেষ