বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় পুরুষদের পাশাপাশি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন বেশ কয়েকজন নারী। তাদের মধ্যে উল্লেখযোগ্য তিন মার্কিন বিলিয়নিয়ার হলেন অ্যালিস ওয়ালটন, জুলিয়া কোচ ও জ্যাকুলিন মার্স। পারিবারিক ব্যবসা ও উত্তরাধিকার সূত্রে বিপুল এই সম্পদের মালিক হয়েছেন তারা। ব্যক্তিগত জীবনের দিক থেকেও তাদের মধ্যে রয়েছে ভিন্ন অভিজ্ঞতা; তিনজনের মধ্যে দুজন ডিভোর্সড এবং অন্যজন বিধবা।
ফোর্বসের ১৫ নভেম্বর ২০২৬ সালের রিয়েল টাইম সম্পদের হিসাব অনুযায়ী, এই তিনজনের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৭১ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে তাদের মধ্যে সবচেয়ে ধনী অ্যালিস ওয়ালটনের সম্পদ একাই বাকি দুজনের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি।
অ্যালিস ওয়ালটন: সম্পদ ১৩৬.৭ বিলিয়ন ডলার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী নারী অ্যালিস ওয়ালটন ১৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের মালিক। বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান ১৪তম। ৭৭ বছর বয়সী এই মার্কিন ধনকুবের ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের একমাত্র মেয়ে। ১৯৯২ সালে বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসার মালিকানার সূত্রে তার সম্পদের ভিত্তি তৈরি হয়।
তার ভাই রব ওয়ালটন ও জিম ওয়ালটন ওয়ালমার্টের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করলেও অ্যালিস সরাসরি কোম্পানির পরিচালনায় যুক্ত হননি। ব্যবসার পরিবর্তে শিল্পকলা সংগ্রহ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিয়েছেন তিনি। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের বেনটনভিলে তিনি প্রতিষ্ঠা করেন ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অব আমেরিকান আর্ট, যেখানে অ্যান্ডি ওয়ারহল, নরম্যান রকওয়েল ও মার্ক রথকোর মতো বিখ্যাত শিল্পীদের কাজ রয়েছে।
শিল্পকলার পাশাপাশি চিকিৎসাশিক্ষায়ও বিনিয়োগ করেছেন অ্যালিস। ২০২৫ সালে তার প্রতিষ্ঠিত অ্যালিস এল ওয়ালটন স্কুল অব মেডিসিনে চার বছর মেয়াদি চিকিৎসাশিক্ষা কার্যক্রমের প্রথম ব্যাচে ৪৮ জন শিক্ষার্থী ভর্তি হন। ব্যক্তিগত জীবনে অ্যালিস ওয়ালটন ডিভোর্সড এবং তার সম্পদের প্রধান উৎস ওয়ালমার্ট।
জুলিয়া কোচ: সম্পদ ৮৪.৬ বিলিয়ন ডলার তালিকার দ্বিতীয় নারী জুলিয়া কোচ। ৬৪ বছর বয়সী এই মার্কিন বিলিয়নিয়ার ও তার তিন সন্তানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের ধনীদের তালিকায় ২৪তম স্থানে রেখেছে। প্রয়াত স্বামী ডেভিড কোচের কাছ থেকে তারা কোচ ইনকরপোরেটেডের (সাবেক কোচ ইন্ডাস্ট্রিজ) ৪২ শতাংশ মালিকানা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জন্ম নেওয়া জুলিয়া ১৯৮০-এর দশকে নিউইয়র্কে চলে যান এবং ফ্যাশন ডিজাইনার আদলফোর সহকারী হিসেবে কাজ শুরু করেন। এ সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যানসহ বেশ কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। ১৯৯১ সালে ডেভিড কোচের সঙ্গে পরিচয়ের পর ১৯৯৬ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সালে ৭৯ বছর বয়সে ডেভিড কোচ মারা গেলে জুলিয়া ও তার সন্তানরা পারিবারিক ব্যবসার বড় অংশের মালিক হন।
ব্যবসার বাইরে ক্রীড়াঙ্গনেও বিনিয়োগ রয়েছে তাদের পরিবারের। ২০২৪ সালে জুলিয়া ও তার তিন সন্তান প্রায় ৭০০ মিলিয়ন ডলারে বিএসই গ্লোবালের ১৫ শতাংশ মালিকানা কেনেন, যা এনবিএর ব্রুকলিন নেটস ও ডব্লিউএনবিএর নিউইয়র্ক লিবার্টির মালিক। এছাড়া ২০২৫ সালে তারা এনএফএলের নিউইয়র্ক জায়ান্টসের ১০ শতাংশ মালিকানাও অর্জন করেন। ব্যক্তিগত জীবনে বিধবা জুলিয়া কোচ বর্তমানে কোচ ইনকরপোরেটেড, মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার এবং মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের পরিচালনা পর্ষদে রয়েছেন।
জ্যাকুলিন মার্স: সম্পদ ৫০.৩ বিলিয়ন ডলার তালিকার তৃতীয় নারী ৮৭ বছর বয়সী মার্কিন বিলিয়নিয়ার জ্যাকুলিন মার্স। ৫০ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান ৩৬তম। তিনি বিশ্বের অন্যতম বড় খাদ্য ও পোষা প্রাণীর খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সের আনুমানিক এক-তৃতীয়াংশের মালিক। ১৯১১ সালে তার দাদা ফ্রাঙ্ক মার্স প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তার বাবা ফরেস্ট সিনিয়রের সঙ্গে মিলে জনপ্রিয় মিল্কি ওয়ে চকলেট বার তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।
জ্যাকুলিন প্রায় ২০ বছর মার্স কোম্পানিতে কাজ করেছেন এবং ২০১৬ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তার ছেলে স্টিফেন ব্যাজার কোম্পানির পরিচালনা পর্ষদে রয়েছেন। মার্সের মালিকানা পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করা; তার ভাই জনের হাতে রয়েছে আনুমানিক এক-তৃতীয়াংশ মালিকানা এবং বাকি অংশ রয়েছে প্রয়াত ভাই ফরেস্ট জুনিয়রের চার মেয়ের হাতে।
ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জননী জ্যাকুলিন মার্স ডিভোর্সড। ভার্জিনিয়ায় তার একটি ঘোড়ার খামারও রয়েছে, যেখানে প্রশিক্ষণ পাওয়া ঘোড়ায় চড়ে অলিম্পিক পদকজয়ীরাও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।



