পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে একযোগে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটির অন্তত ১২টি স্থানে চালানো এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্যের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বেলুচিস্তানজুড়ে পরিকল্পিতভাবে একই সময়ে এই হামলাগুলো চালানো হয়।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের দাবি, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এসব হামলার সঙ্গে জড়িত। সূত্রটি জানায়, নিরাপত্তা বাহিনীর দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে হামলার উদ্দেশ্য সফল হয়নি এবং সবগুলো আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে।
অন্য একটি নিরাপত্তা সূত্র জানায়, সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশের অন্তত ১০ জন সদস্য প্রাণ হারান। একই সঙ্গে অভিযানে জড়িত ৩৭ জন সন্ত্রাসী নিহত হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, প্রদেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান এখনও অব্যাহত রয়েছে। চলমান অভিযানে আরও সন্ত্রাসীর হতাহতের তথ্য পাওয়া যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা সূত্রগুলো জানায়, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট নিহত সন্ত্রাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। এর আগে বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ জন সন্ত্রাসী নিহত হয়।
এর আগে বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের কর্মকর্তা শাহিদ রিন্দ জানান, কয়েকটি এলাকায় সন্ত্রাসী হামলার চেষ্টা পুলিশ ও ফ্রন্টিয়ার কোর (এফসি) যৌথভাবে ব্যর্থ করে দেয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গত দুই দিনে ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরই এসব হামলার চেষ্টা চালানো হয়।
হামলার পর নিরাপত্তাজনিত কারণে কুয়েটা, সিবি ও চামান এলাকায় মোবাইল ফোন সেবা চালু থাকলেও সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি সরকারি স্থাপনায় হামলা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, সন্ত্রাসীরা কখনোই বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।
সূত্র: ডন



