আগামী ৩১ ডিসেম্বরের পর গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের দুটি জনপ্রিয় অগমেন্টেড রিয়েলিটি (এআর) অ্যাপ—‘কুইক মেজার’ এবং ‘এআর ডুডল’ সরিয়ে নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। নির্ধারিত এই সময়ের পর অ্যাপ দুটি নতুন করে আর ডাউনলোড করা যাবে না। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক পোর্টাল এনগ্যাজেট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাপ দুটির কাজ কী?কুইক মেজার: এটি মূলত একটি ভার্চুয়াল মাপজোখের অ্যাপ। এর সাহায্যে স্মার্টফোনের মাধ্যমেই ব্যবহারকারীরা যেকোনো স্থানের দূরত্ব, দৈর্ঘ্য কিংবা আয়তন সহজে পরিমাপ করতে পারেন। এআর ডুডল: এই অ্যাপটি ব্যবহার করে ছবি ও ভিডিওতে ভার্চুয়াল আঁকিবুঁকি এবং আকর্ষণীয় ত্রিমাত্রিক (থ্রিডি) ইফেক্ট যুক্ত করা সম্ভব।
ডাউনলোড ও আপডেট বন্ধের ঘোষণা অ্যাপ দুটির গ্যালাক্সি স্টোর তালিকায় স্যামসাং একটি পৃথক নোটিশ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের পর অ্যাপ দুটির নতুন ডাউনলোড এবং বিদ্যমান সংস্করণের আপডেট সুবিধা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তবে যাদের ডিভাইসে অ্যাপ দুটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা নির্ধারিত তারিখের পরও এগুলো ব্যবহার চালিয়ে যেতে পারবেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর কিছু ফিচার ঠিকমতো কাজ না করার আশঙ্কা রয়েছে।
অপারেটিং সিস্টেম আপডেট ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টমের নতুন সংস্করণগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ দুটির আর কোনো আপডেট দেওয়া হবে না। ফলে ২০২৭ সালে ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট করার পর কুইক মেজার বা এআর ডুডলের অনেক ফিচার অকার্যকর হয়ে যেতে পারে।
গ্রাহকদের উদ্দেশ্যে স্যামসাং জানিয়েছে, ‘এর ফলে যে ধরনের অসুবিধা তৈরি হতে পারে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আরো উন্নত সেবা নিয়ে ফিরে আসতে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে অ্যাপ দুটি ঠিক কবে নাগাদ পুনরায় ফিরতে পারে কিংবা এগুলোর জনপ্রিয় ফিচারগুলো অন্য কোনো অ্যাপের সঙ্গে যুক্ত করা হবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীদের জন্য পরামর্শ যারা ‘কুইক মেজার’ ও ‘এআর ডুডল’ অ্যাপ দুটি ব্যবহার করতে আগ্রহী, তাদের আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্যালাক্সি স্টোর থেকে নিজেদের ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্করণটি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



