বিশ্বভ্রমণে বেরিয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

১৮ নভেম্বর ২০২৬

বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছানোর পর এক তুর্কি পরিবারের আন্তরিকতা ও পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেছেন চীনের এক দম্পতি। দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের পর তারা নতুন করে ইসলামী রীতিতে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

বেইজিংয়ের চাকরি ছেড়ে প্রায় দুই বছর আগে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন মোইয়ান সং ও লুওশি শু দম্পতি। বিভিন্ন সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা জানার উদ্দেশ্যে শুরু হওয়া এই যাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

ইন্দোনেশিয়ার আতিথেয়তা থেকে শুরু

ভ্রমণের প্রথম গন্তব্য ইন্দোনেশিয়ায় স্থানীয় মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ বিশেষভাবে আকৃষ্ট করে এই চীনা দম্পতিকে। সেখান থেকেই মূলত তাদের মনে ইসলাম সম্পর্কে জানার কৌতূহল তৈরি হয়।

তুর্কি পরিবারের সঙ্গে আকস্মিক পরিচয়

পরবর্তীতে তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সঙ্গে তাদের পরিচয় হয়। ভাষাগত ভিন্নতা থাকলেও অনুবাদ অ্যাপ ও আন্তরিকতার সুবাদে অল্প সময়েই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অতিথিপরায়ণ তুর্কি দম্পতি তাদের বাড়িতে ঐতিহ্যবাহী নাশতার আমন্ত্রণ জানান। সেখানে ইসলাম নিয়ে বিভিন্ন আলোচনার একপর্যায়ে আয়সেল চীনা দম্পতির হাতে পবিত্র কোরআনের একটি ইংরেজি অনূদিত কপি তুলে দেন।

আনতালিয়ার মসজিদে নতুন জীবন

তুরস্ক ছেড়ে চীনে ফিরে যাওয়ার পর কোরআনের শিক্ষা ও মুসলমানদের সততা ও দয়া তাদের গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তীতে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে তারা পুনরায় আনতালিয়ার সেই শহরে ফিরে আসেন।

আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে তুর্কি ওই পরিবারের উপস্থিতিতে কাজি মুহাম্মদ কুশুকের পরিচালনায় তাদের ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইসলাম গ্রহণের পর মোইয়ান সং নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘মুহাম্মদ মুরাদ’ এবং তার স্ত্রী লুওশি শু নাম নেন ‘লায়লা বাতুল’।

বর্তমানে তুর্কি দম্পতিকে নিজেদের দাদা-দাদির মতো শ্রদ্ধা ও ভালোবাসেন এই চীনা দম্পতি। ইসলাম গ্রহণের পর তারা জীবনে অভাবনীয় মানসিক শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন।

সর্বশেষ