৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে ১১ জনের প্রাণহানি

২৬ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রজুড়ে টানা তুষারঝড়, বরফশীতল বৃষ্টি ও তীব্র শীতের প্রভাবে এখন পর্যন্ত অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।

মার্কিন আবহাওয়া দপ্তরের তথ্যের বরাতে সিএনএন ও এনবিসিসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউ জার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস ও টেনেসিসহ অন্তত ১৫টি অঙ্গরাজ্যের বড় অংশ বর্তমানে পুরু তুষারে আচ্ছাদিত। পাশাপাশি ক্যারোলাইনা অঞ্চলসহ মধ্য আটলান্টিকের রাজ্যগুলোতে তুষারপাতের সঙ্গে বরফ-শীতল বৃষ্টিও হচ্ছে।

বিপজ্জনক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর শীতকালীন সতর্কতা জারি করেছে। এই সতর্কতার আওতায় পড়েছেন দেশটির প্রায় ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

চরম আবহাওয়ার প্রভাবে স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান পুনরায় খোলা হবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলেও বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার একদিনেই বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে একদিনে এত বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬