এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

২৩ জুলাই ২০২৬

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

দলীয় তদন্ত ও বহিষ্কারের সিদ্ধান্ত

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বুধবার (২২ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। চিঠিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানানো হয়েছে।

এমপি পদের বিষয়ে যা বলছে নির্বাচন কমিশন

এমপি পদ বাতিল বা বহাল থাকার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, কেবল দল থেকে বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরেই ইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইসি আব্দুর রহমানেল মাছউদ আরও ব্যাখ্যা করেন, সংবিধান ও আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ থেকে দল ত্যাগ বা পদত্যাগ করলে তার এমপি পদ থাকার কথা নয়। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে, তবে সংবিধান অনুযায়ী সরাসরি এমপি পদ বাতিল হওয়ার সুযোগ নেই। এই বিষয়ে স্পিকারের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর আইন ও সংবিধান বিশ্লেষণ করেই পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার প্রেক্ষাপট

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে এক তরুণীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও তোলপাড় শুরু হয়।

সর্বশেষ