ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় মাস আগে লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে তিনটি শর্ত সাপেক্ষে লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
এর আগে, গত ২৭ মে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের আপিল ও আপিলের বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য গঠিত তদন্ত কমিটিকে ১৫ জুলাই সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
হাসপাতালের জন্য তিন শর্ত
সরকার হাসপাতালটির কার্যক্রম চালানোর অনুমতি দিলেও তিনটি শর্ত বেঁধে দিয়েছে—
- প্রথমত, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সব নির্দেশনা মেনে চলতে হবে।
- দ্বিতীয়ত, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
- তৃতীয়ত, ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।
এর ফলে শর্ত পূরণ সাপেক্ষে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম চালাতে পারবে।


