যুক্তরাষ্ট্র আজ শনিবার অথবা আগামীকাল রোববারের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু বা এর পরিধি সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তন হলে পরিকল্পিত হামলা বাতিলও হতে পারে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, “আমরা তাদের ওপর খুব শক্তিশালী আঘাত হানতে যাচ্ছি।” একই সঙ্গে তিনি জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শিগগিরই থেমে যাওয়ার সম্ভাবনা কম।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত নতুন কোনো হামলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এছাড়া ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান পরিচালনার তথ্যও প্রকাশ করেনি।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র জানায়, জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টার জবাবে তারা আগের দিন ‘এক দফা বড় ধরনের হামলা’ চালিয়েছে।
এদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে ওই হামলার জন্য দায়ী পক্ষের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।



