ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে দেশটির ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করার জন্য সময় চেয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি ‘তাৎক্ষণিক, সম্পূর্ণ ও পুরোপুরি’ খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান নিশ্চিত করার বিষয়টি রয়েছে।
তিনি পোস্টে লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একই সঙ্গে সফল ও সমৃদ্ধ একটি ইরানের স্বার্থে তিনি পরিকল্পিত হামলা বাতিল করতে সম্মত হয়েছেন। তবে এর জন্য দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
তবে ট্রাম্প তাঁর পোস্টে কোন কোন দেশ এ অনুরোধ জানিয়েছে, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।
এর আগে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র।
ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েলও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।
এ মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছিল। এসব খবরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে তেহরান অভিযোগ করেছিল, ওয়াশিংটন অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। একই সঙ্গে ইরান সতর্ক করে জানায়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা করে, তবে তারা ‘যুদ্ধের আগুনে পুড়ে যাবে’।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
চুক্তির প্রস্তাবের পাশাপাশি হামলার হুমকির অবস্থানও বজায় রাখায় ট্রাম্পের সর্বশেষ মন্তব্যকে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।



