বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে। বুধবার সন্ধ্যায় দেশ দুটির আকাশে রমজানের চাঁদ দেখা না যাওয়ায় স্থানীয় ইসলামিক কর্তৃপক্ষ শাবান মাস ৩০ দিন পূর্ণ করার এই সিদ্ধান্ত নিয়েছে।
ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক বিবৃতিতে জানায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী বুধবার সন্ধ্যায় ওই অঞ্চলে খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদ দেখার সম্ভাবনা ছিল না। ফলে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং শুক্রবার থেকে শুরু হবে সিয়াম সাধনা।
রমজান শুরুর বিশ্বচিত্র:
- ১৮ ফেব্রুয়ারি (বুধবার): সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ফিলিস্তিন ও আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে।
- ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওমান, মিসর ও ব্রুনাইসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পবিত্র রমজান শুরু হয়েছে।
নিউজিল্যান্ড ও ফিজির মুসলিম সম্প্রদায় স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে দীর্ঘ সময় ধরেই এই ধর্মীয় নিয়ম পালন করে আসছে। চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটিতে একদিন পিছিয়ে শুক্রবার থেকে তারাবি ও রোজা শুরু করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।



